জামালপুরের ছনকান্দা এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন (৪২)। তিনি জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. নূর উদ্দীন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছনকান্দায় ময়মনসিংহ থেকে জামালপুরগামী দুটি সিএনজি ও জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোশারফ হোসেন (৪২) নামে এক ব্যক্তি ও অজ্ঞাত এক শিশু মারা গেছে। অন্য আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ওসি জানান, গুরুতর আহত ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।