পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ময়মনসিংহ ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরাজি।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে গৌরীপুর থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে মালবাহী ট্রেন স্লিপার ও পাথর নিয়ে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন পৌঁছে এবং রেলকর্মীরা লাইনচ্যুত বগির চাকা ট্রেন লাইনে উঠানোর কাজ শুরু করে। রেলকর্মীদের উদ্ধার তৎপরতায় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের চাকা উঠাতে সক্ষম হয়। পরে ময়মনসিংহ ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় আটকে থাকা চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে।