ইসলামপুর উপজেলার পচাবহলা ইউনিয়নের ধর্মকুড়া-মাহমুদপুর জিসি সড়ক, চরপুটিমারী-চরগোয়ালীনি ইউপি সড়ক ও বকশীগঞ্জ-ইসলামপুর সড়কের গোয়ালেরচর ইউনিয়নে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কোটি কোটি টাকায় নির্মিত ৭টি ব্রিজ-কালভার্টে মুখ অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই এলাকার লিয়াকত আলী, ফারুক হোসেন, দুলাল হেসেন ও বারেক মিয়া জানায়, চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর এলাকার একটি কুচক্রি মহল নিজেদের স্বার্থের জন্য পুরাতন ব্রহ্মপুত্রের শাখা স্থানীয় নাম শিয়ালদহ নদের পানি প্রাবাহ বন্ধ করে নদীভরাট করে বাজার বসিয়েছে। এর ফলে দশআনী নদী ও শিয়ালদহ নদের সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদের সংযোগ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। এর ফলে ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউপি, গাইবান্ধা ইউপি, চরগোয়ালীনি ইউপি, চরপুটিমারী ইউপি এবং বকশীগঞ্জ উপজেলার সঙ্গে তিন লক্ষাধিক মানুষের নৌপথ বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ইসলামপুর উপজেলার কান্দারচর-চরপুটিমারী ইউপি সড়কের চিনারচর গ্রামে মাত্র ২’শ মিটারের মধ্যে সম্প্রতি নির্মিত দুটি কালভার্টের মুখ ভরাট করা হয়েছে। এছাড়া ডেফলা-বেনুয়ারচর সড়কের চিনারচর খালের ৩ কোটি টাকা মূল্যের একটি ব্রিজ দশআনী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ভরাট করা হয়েছে। ওই সড়কের বেনুয়ারচর খালে আরও একটি ব্রিজের মুখ বন্ধ করায় গুরুত্বপূর্ণ খালটির পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে বিস্তৃর্ণ এলাকা স্থায়ী জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে।
এছাড়াও ইসলামপুরের ধর্মকুড়া ইউপির-মাহমুদপুর জিসি সড়কের নোয়ারপাড়া ইউনিয়নের করিরকাইর এলাকায় বড় বড় দুটি ব্রিজ এবং ইসলামপুর-বকশীগঞ্জ উপজেলা সড়কের গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকায় নবনির্মিত দুটি কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করা হয়েছে।
ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ‘এ ব্যাপারে ইসলামপুর উপজেলা প্রকৌশলীর কাছে বিষয়টি জানানো হয়েছে।’
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি খোঁজ খবর নিচ্ছি । এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’