ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

 

বন্দুকযুদ্ধময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুমন মিয়া (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত পৌনে ২টার দিকে ময়মনমসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চরপুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ অন্তত ১০টি মামলা রয়েছে। সে পলাতক এবং ওয়ারেন্টভুক্ত আসামি। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুমন ময়মনসিংহ সদরের কালিবাড়ি এলাকার সুরুজ ড্রাইভারের ছেলে।

ওসি শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে শম্ভুগঞ্জের পুলিয়ামারি ময়মনমসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সাইখ সিরাজ রোডের পাকা রাস্তার ওপরে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে তারা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সুমন মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় গোয়েন্দা পুলিশের কনস্টেবল ইলিয়াস ও রানাউল ইসলাম আহত হন। ঘটনাস্থল থেকে চার কেজি গাঁজা ও ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।