শেরপুরের শ্রীবরদীতে একই দড়িতে ঝুলন্ত তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পশ্চিম পিরিচপুর গ্রামে একটি গাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন মনির হোসেন (২৬) ও কল্পনা আকতার (২২)। এক সন্তানের জনক মনির হোসেন পশ্চিম পিরিচপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। কল্পনা আকতার একই গ্রামের আব্দুল করিমের মেয়ে।
স্থানীয়রা জানান, মনির ও কল্পনার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিছু দিন আগে কল্পনার অসম্মতিতে হিম্মত আলী নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ জানায়, পশ্চিম পিরিচপুর গ্রামের আব্দুল খালেকের বাড়ির পাশে একটি গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর পাঠায়। পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ের পর তাদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। হঠাৎ তারা আত্মহত্যা করেছে।’
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।’