নান্দাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চামটা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তপন মিয়া (১৪) ও শরীফ মিয়া (২৭)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, তপন ও শরীফ মোটরসাইকেলে করে ময়মনসিংহ থেকে নিজবাড়ি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথে ওই স্থানে পেছন দিক থেকে আসা একটি মালাবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। লাশ দুটি উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহত তপনের বাবা জাহাঙ্গীর আলম জানান, তার বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার চরবাঘাবের টেকপাড়া গ্রামে। তিনি ময়মনসিংহ শহরের গাঙিনাপাড় এলাকায় স্কুল ব্যাগের ব্যবসা করেন। বুধবার সকালে তিনি নির্বাচন উপলক্ষে ছেলে তপনকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে ছিলেন তিনিসহ আরেক ব্যবসায়ী। আর অন্য মোটরসাইকেলে ছিলেন তপনসহ শরীফ মিয়া নামে আরেকজন। এই অবস্থায় নান্দাইলের ওই স্থানে আসতেই তার সামনে থাকা মোটরসাইকেলটিকে একটি ট্রাক চাপা দেয়। এ সময় তপনসহ মোটরসাইকেল চালক শরীফও নিহত হন।