ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রবিবার (৪ মে) সকাল ৮টা থেকে এ সিটির ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
ইসি সূত্র জানিয়েছে, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে বৈরী আবহাওয়ার মধ্যেও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। এখন চলছে কেন্দ্র সাজানোর কাজ। প্রথমবারের মতো ৩৩টি ওয়ার্ডে ১২৭টি ভোটকেন্দ্রে ইভিএম প্রদ্ধতিতে ২ লাখ ৯৬ হাজার ১০৩ জন ভোটার ভোট দেবেন।
রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, ‘নির্বাচনে নিরাপত্তায় ইসির পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও তিনজন করে পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তায় ২২ প্লাটুন বিজিবি, র্যাবের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে), পুলিশের ৩৩টি মোবাইল টিম (প্রতি ওয়ার্ডে একটি করে) ও ১১টি স্ট্রাইকিং দল থাকবে। প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া, নির্বাচনকালীন সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় এনে সাজা প্রদানে ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।’
নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়র পদে কোনও প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।