জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৫০ বস্তা সরকারি (প্রতিবস্তায় ৩০ কেজি) চালসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) বেলা ৩টার দিকে উপজেলার মাহমুদপুর নয়াপাড়া থেকে এ চাল আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাহমুদপুর বাজারের মফিজ উদ্দিনের ছেলে রাসেলের গুদাম থেকে ১৫০ বস্তা চাল পিকআপভ্যানে করে মাদারগঞ্জের মনোহর আলীর রাইসমিলে নেওয়ার পথে স্থানীয়রা তাদের আটকায়। তাদের কথায় গড়মিল হওয়ায় স্থানীয়রা জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় (এনএসআই) খবর দেয়। পরে এনএসআই ও পুলিশের তৎপরতায় চাল জব্দ করা হয় এবং গুদাম মালিক মাহমুদপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাসেলকে আটক করা হয়।
মাহমুদপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই আবুল কাশেম জানান, চালসহ আটক রাসেলকে মেলান্দহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, হতদরিদ্রদের সরকারি চাল কালোবাজারে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।