বকশীগঞ্জে ট্রাক্টরচাপায় কিশোর নিহত

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে ইটবাহী ট্রাক্টরের চাপায় এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা টালিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া (১৬) বগারচর ইউনিয়নের সারমারা টালিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানার ওসি এ.কে এম মাহবুব আলম জানান, আজ (বুধবার) দুপুর ৩টার দিকে সারমারা টালিয়া পাড়া গ্রামের একটি ভাটা থেকে ইটবোঝাই করে একটি ট্রাক্টর দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ওই গ্রামের বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় হেলপার মামুন মিয়া ট্রাক্টরের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৫টার দিকে মামুন মিয়ার লাশ উদ্ধার করে।

এ নিয়ে কারও কোনও অভিযোগ না থাকায় সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও ওসি জানান।