ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারুয়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তার নাম মোস্তফা হোসেন (৩০)। পুলিশের দাবি, মোস্তফা একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। রবিবার (১২ মে) রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।
মোস্তফা উপজেলার খুলিয়াটি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে চারটি মামলা আছে বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারের দক্ষিণ পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এই খবরে সেখানে জেলা গোয়েন্দা পুলিশ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রথমে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তল্লাশি করে গুলিবিদ্ধ মোস্তফাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরাইন ও ১০০ পিস ইয়াবাসহ গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মোবারক হোসেন ও লাল মিয়া আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।