শেরপুরে ছাত্রীনিবাস থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 

শেরপুরশেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আনুসকা আয়াত বন্ধন (১৫)। শনিবার ( ৬ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ‘বন্ধন জেলার শ্রীবরদী উপজেলার পূর্বছনকান্দা গ্রামের আনোয়ার জাহিদ বাবুল মৃধার মেয়ে।’

নিহতের ফুফু ও শ্রীবরদী উপজেলা আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা রওশন আরা বেগম বলেন,‘আমার ভাতিজির সঙ্গে শুক্রবার (৫ জুলাই)  তার বাবা দেখা করেছে।  আমি মনে করি আমার ভাতিজিকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্ধন শেরপুর শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে থেকে নবম শ্রেণিতে পড়ছিল। শনিবার সকালে বন্ধনকে তার কক্ষে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী। তার চিৎকারে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মানতে নারাজ বন্ধনের পরিবারের লোকজন। তাদের দাবি কেউ হয়ত তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।