ফুলপুরে হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

যাবজ্জীবন প্রাপ্ত আজাহার আলী ও সুলতান মিয়াময়মনসিংহের ফুলপুরে ওমর ফারুক হত্যা মামলায় বাবা-ছেলেসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শাহজামাল নয়ন (৬২), শাহজামাল নয়নের ছেলে রেজাউল করিম (৩৪), মৃত মিয়া হোসেনের ছেলে আজাহার আলী (৫৭) ও রুহুল বক্সের ছেলে সুলতান মিয়া (৫২)।

আসামিদের মধ্যে শাহজামাল নয়ন ও ছেলে রেজাউল করিম পলাতক রয়েছে।

চার জনের যাবজ্জীন রায় দেওয়ার বিষয়টি নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর ঝুটন সরকার জানান, ২০০৭ সালের ৩ মে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাঁশাটি গ্রামে যাতায়াতের রাস্তার বিরোধ নিয়ে ওমর ফারুক ও শাহজামাল নয়নের  মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আইয়ুব আলীর ছেলে ওমর ফারুককে লাঙ্গলের হাতল দিয়ে আঘাত করে আসামিরা। রক্তাক্ত অবস্থায় ওমর ফারুককে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ওমর ফারুক মারা যায়। নিহতের বাবা আইয়ুব আলী ওই বছরের ১ জুন ফুলপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ৮ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি মশিউর রহমান ফারুক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. আনিসুর রহমান হাতেম।

১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও পর্যালোচনা শেষে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।