বন্যা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ: নজরুল ইসলাম





শেরপুরে এক সমাবেশে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খানবন্যা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জনগণ বন্যায় ডুবে মরলে, তাতে তাদের কিছু যায় আসে না। তবে বিএনপি সব সময় জনগণের পাশে আছে। এ জন্য সাধ্যমতো দলের পক্ষ থেকে দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।’

সোমবার (২৯ জুলাই) দুপুরে শেরপুরে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে চরপক্ষিমারী ইউনিয়নের ব্যাঙের মোড় এলাকায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকার সমালোচনা সহ্য করতে পারে না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। জনগণের কাছে তাদের কোনও দায়বদ্ধতা নেই।’

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন নজরুল ইসলাম খান ও দলের অন্য নেতারাএ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপি কেন্দ্রীয় কমটির সহ-সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন, মো. শাহজাহান, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন বাবুল, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল প্রমুখ।

এ দিন জেলা বিএনপি’র উদ্যোগে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের ব্যাঙের মোড়, কামারের চর এবং শ্রীবর্দীর ভেলুয়া ইউনিয়নের প্রায় এক হাজার বন্যার্তদের মাঝে চাল-ডাল-আলুসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।