মদনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

নেত্রকোনানেত্রকোনার মদনে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে ফেরদৌস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) দিনগত রাতে গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে এ ঘটনা ঘটে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে মনিকা গ্রামে ফেরদৌস ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলের মধ্যে মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। পরে তা বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বল্লমের আঘাতে আহত হন ফেরদৌস। তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

জামাল উদ্দিন আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার (১০ আগস্ট) দুপুরে মদন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাচ্চুকে গ্রেফতার দেখানো হয়।