খলিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাকচালা গ্রামের বাসিন্দা। সে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ এসব তথ্য জানান।
ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ সদরের বাদেকল্পা এলাকায় কিছু আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা অটোরিকশা কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় খলিলকে আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খলিলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি অটোরিকশা ও একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে দুই পুলিশ কনস্টেবল আমির হামজা ও জাহাঙ্গীর আলম আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য খলিলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।