ডিবি পরিচয়ে তুলে নেওয়ার তিন দিন পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বন্দুকযুদ্ধময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত সজল মিয়া (২৪) একজন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য। সজলের স্ত্রী আজেদা জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিবি পরিচয়ে তার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আর রবিবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ সদরের নিজামনগর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে সজল নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি চাকু ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সজল মিয়া ময়মনসিংহ মহানগরীর কৃষ্টপুর এলাকার আরজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে  পুলিশ।

সজলের স্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টার সময় ডিবি পুলিশের পরিচয়ে তার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ডিবি অফিসে তাকে খুঁজতে গেলে সজলের কোনও খোঁজ দিতে পারেনি পুলিশ। রবিবার সকাল ৭টার সময় জানতে পারেন হাসপাতাল মর্গে তার স্বামীর লাশ রয়েছে।

পরিবারের অভিযোগ অস্বীকার করে ওসি শাহ কামাল আকন্দ জানান, তাকে পুলিশ ধরে এনেছে এ ধরনের খবর তার জানা নেই।