‘ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হতে হবে’

বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুউত্তম ব্যবহার ও সেবা দিয়ে চিকিৎসকদের জনগণের আস্থা অর্জনের ওপর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নেত্রকোনা মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচের (এমবিবিএস) নতুন শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার আধুনিক চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। তোমরা যাতে ভালোমানের চিকিৎসক হতে পারো, এ জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। তোমাদের মনে রাখতে হবে, জনগণের টাকায় তোমরা চিকিৎসক হতে যাচ্ছো। তাই তোমাদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। উত্তম ব্যবহার ও আন্তরিক সেবার মাধ্যমে জনগণের বিশ্বাস অর্জন করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।’
নেত্রকোনা মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রঞ্জন কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যদের বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জ্যোতির্ময় আইচ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান প্রমুখ।
উল্লেখ্য, ২০১৮ সালে নেত্রকোনা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরপরই ২০১৮-২০১৯ সেশনে প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হন। ২০১৯-২০২০ সেশনে দ্বিতীয় ব্যাচেও ৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। নেত্রকোনা মেডিক্যাল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জেলা সদরের কাইলাটী ইউনিয়নের মৌজেবালী এলাকায় ৫০ একর জমি অধিগ্রহণের জন্য প্রাক্কলন তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।