ঝিনাইগাতীতে চালসহ নারী ইউপি সদস্য আটক

শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে ২৫ কেজি খয়রাতি (জিআর) চালসহ মিনারা বেগম (৩৫) নামে এক নারী ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ এসব চাল জব্দ করেন। এ সময় ২৭টি খালি বস্তাও জব্দ করা হয়।

মিনারা বেগম উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের অনুকূলে আড়াই মেট্রিকটন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল থেকে মালিঝিকান্দা ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম দুস্থদের মধ্যে বিতরণের জন্য মিনারাকে ১৬৫ কেজি চাল দেন। কিন্তু এসব চাল বিতরণ না করে তিনি তার বাতিয়াগাঁও গ্রামের বাড়িতে রেখে দেন। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার দুপুরে স্থানীয়রা মিনারার বাড়িতে গিয়ে বিক্ষোভ করেন ও চাল দেওয়ার দাবি জানান।
সংবাদ পেয়ে ইউএনও রুবেল মাহমুদ ঘটনাস্থলে যান এবং মিনারার বাড়ি থেকে ৫ প্যাকেটে ২৫ কেজি চাল ও ২৭টি খালি বস্তা জব্দ করেন। পরে ইউএনওর নির্দেশে পুলিশ মিনারাকে আটক করে।




অভিযোগ অস্বীকার করে মিনারা বলেন, তিনি কিছু চাল বিতরণ করেছেন। আর অবশিষ্ট চাল তালিকা তৈরি করে বিতরণের জন্য রেখেছিলেন। প্রতিপক্ষের লোকজন তাকে সামাজিকভাবে হেয় ও তার সুনাম ক্ষুণ্ন করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।




ইউএনও রুবেল মাহমুদ বলেন, এ ঘটনায় আটক মিনারার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।