জামালপুরে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত নারীর মৃত্যু

করোনাভাইরাসজামালপুরের দেওয়ানগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কোহিনুর বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চরবাদুরাবাদ মন্নিয়া বাজার গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। বুধবার (১০ জুন) তিনি নারায়ণগঞ্জ থেকে জামালপুরে আসেন বলে জানা গেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহমেদ সাফি জানান, বুধবার (১০ জুন) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন ওই নারী। করোনা সন্দেহে মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আইইডিসিআর এর নিয়ম অনুযায়ী লাশ দাফন করা হবে।

কোহিনুর বেগম এর পরিবারের সদস্যরা জানান, বুধবার বিকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে দুই সন্তান নিয়ে দেওয়ানগঞ্জে স্বামী আব্দুল মিয়ার বাড়িতে আসেন কোহিনুর। আজ দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।