আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বিকাল থেকে রেড জোনে লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেওয়াসহ মাইকিং করে লোকজনকে ঘরে থাকতে প্রচার চালানো হচ্ছে।
সোমবার (১৫ জুন) জেলা সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত ময়মনসিংহ সিটির চরপাড়া, নয়াপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকায় করোনা আক্রান্ত ২৩৫ জন, আকুয়ায় ১৫ জন, পুলিশ লাইন্স ও কাচিঝুলিতে ২৪ জন এবং ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় রয়েছে ১০১ জন। সরকারের নির্দেশে এই চারটি রেড জোন এলাকা মঙ্গলবার বিকাল থেকে লকডাউন শুরু হবে। লাল পতাকা টানিয়ে দেওয়ার পাশাপাশি লোকজনকে ঘরে থাকার জন্য সিটি করপোরেশনের উদ্যোগে মাইকিং করা হবে।
তিনি আরও জানান, সিটি এলাকার চরপাড়া নয়াপাড়া মেডিক্যাল কলেজ এলাকায় সরকারি হাসপাতাল এবং দুই শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার থাকায় কঠোরভাবে লকডাউন করা সম্ভব হবে না। তবে লোকজনকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করা হবে।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার বিকালে জেলা করোনা প্রতিরোধ কমিটি সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি।