ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন





যাবজ্জীবনশেরপুরের নালিতাবাড়ীর ধোপাকুড়া গ্রামের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে আশরাফুল ইসলাম (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আকতারুজ্জামান দণ্ডপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আশরাফুল ইসলাম নালিতাবাড়ীর ধোপাকুড়া গ্রামের আজগর আলীর ছেলে।




নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০০৭ সালের ১৪ অক্টোবর ঈদের দিন বিকালে বোনের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন ধোপাকুড়া গ্রামের ওই স্কুলছাত্রী (১২)। পথিমধ্যে একই এলাকার বখাটে আশরাফুল তাকে ফুসলিয়ে নিয়ে যায় এবং পরিচিত স্থানীয় হামিদুল মিয়ার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষক আশরাফুল শিশুটিকে পাশ্ববর্তী ঝিনাইগাতী এলাকায় নিজের বোনের বাড়িতে নিয়ে যায় এবং দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা করে। সে সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে সেখানে রেখে বখাটে আশরাফুল গা ঢাকা দেয়।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পরদিন নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আসামি আশরাফুলকে গ্রেফতার করে।
পরে তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ২০০৭ সালের ৩০ নভেম্বর আশরাফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালতে বিচার কাজ চলাকালে আসামি আশরাফুল জামিন নিয়ে পালিয়ে যায়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।