ত্রিশালে যুবলীগ নেতা খুন: মেয়রসহ ১৫ জন আসামি, আটক ২

মামলাময়মনসিংহের ত্রিশাল উপজেলায় যুবলীগ নেতা পারভেজ খুনের ঘটনায় নবনির্বাচিত মেয়র এ বি এম আনিসুজ্জামানসহ ১৫ জনকে আসামি করে  মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত পারভেজের বাবা মো. ইব্রাহিম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সুমন ও চান মিয়া নামে দুই যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য জানান।
হত্যা মামলার আসামিদের মধ্যে নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান বিজয়ী মেয়র এ বি এম আনিসুজ্জামানের ভাতিজা বাবু ও তার সহযোগীরা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার সময় পারভেজ কয়েকজন রাজনৈতিক সহকর্মীকে নিয়ে নিজ বাড়ি চরপাড়ায় যাচ্ছিলেন। এ সময় যুবলীগকর্মী বাবু ও তার সহযোগীরা পারভেজের গতি রোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ত্রিশাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পারভেজ ত্রিশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। সদ্য সমাপ্ত ত্রিশাল পৌরসভা নির্বাচনে পারভেজ আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে ছিলেন।

/জেবি/এমএনএইচ/