ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিন রোগীসহ আট জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে জামালপুরের এক ও শেরপুরের দুই জন রোগী রয়েছেন। আর করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের দুই এবং জামালপুর-নেত্রকোনা ও টাঙ্গাইলের একজন করে রোগী রয়েছেন।
বুধবার (৩০জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ তিন জনসহ মোট আট রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে হাসপাতালে করোনা ইউনিটে ১৯০ জন রোগী ভর্তি আছেন। আইসিইউতে ভর্তি আছে ১২ জন।
এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৯টি নমুনা পরীক্ষায় ২১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা সাত হাজার ৯০৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৯৩৩ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮৩ জন।