বিদ্যুতে স্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়েরও মৃত্যু

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া এলাকার মৃত দুদু আকন্দের ছেলে আব্দুল হক (৫৫) ও রবিজল হক (৫০)।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে বাড়ির পাশে সেচ পাম্পের সুইচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো আজ বিকালেও বাড়ির পাশে সেচ পাম্প চালাতে যান আব্দুল হক ও রবিজল। বিদ্যুৎচালিত এ সেচ পাম্প চালাতে সুইস অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বড় ভাই আব্দুল হক। তাকে বাঁচাতে গিয়ে রবিজল হকও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা রহমান তাদেরকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।