ময়মনসিংহ মেডিক্যালে একদিনে আরও ৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে আরও সাত জন মারা গেছেন। এদের মধ্যে চার জন করোনা পজিটিভ, বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। 

করোনায় মারা যাওয়াদের মধ্যে ময়মনসিংহের তিন এবং জামালপুরের একজন রয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের দুই এবং জামালপুরের একজন রোগী রয়েছেন।  

সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে তিনি আরও জানান, নতুন করে ১৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ১৯১ জন এবং আইসিইউতে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ১৯.৪৬ শতাংশ। জেলায় করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ৮৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫২৭ জন।