ময়মনসিংহ থেকে ঢাকায় আসতে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০ টাকা

ঢাকা-ময়মনসিংহ দূরপাল্লার যানের ভাড়া এক লাফে ৫০ টাকা বেড়েছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী এনা, সৌখিন ও আলম এশিয়াসহ সব পরিবহনের বাসের ভাড়া এখন ২৭০ টাকা। এত টাকা ভাড়া বাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী এনা পরিবহনের টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে আগের চেয়ে ৫০ টাকা বাড়িয়ে সিট ভাড়া নেওয়া হচ্ছে। 

ঢাকাগামী যাত্রী কামরুল ইসলাম জানান, ধর্মঘটের কারণে তিন দিন যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সেই দুর্ভোগ কাটানোর পর এখন বাসের বাড়তি ভাড়া ‌‘মরার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে। চাকরির কাজে মাসে পাঁচ থেকে সাত দিন ঢাকায় যেতে হয়। এভাবে ভাড়া বেড়ে যাওয়ায় সব খরচ বেড়ে গেলো। কিন্তু চাকরিতে বেতন তো বাড়লো না। সংসারের অন্যান্য খরচ কমিয়ে এখন বাসের ভাড়া বাবদ খরচ করতে হবে।

ঢাকা-ময়মনসিংহ দূরপাল্লার যানের ভাড়া এক লাফে বেড়েছে ৫০ টাকা

আরেক যাত্রী সালমা আক্তার জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকার পর এভাবে বাসের ভাড়া বাড়ানোর কারণে সাধারণ মানুষ খুবই কষ্টে পড়বে। সাধারণ মানুষের কথা সরকারের ভাবা উচিত ছিল।

টার্মিনালের এনা পরিবহনের কাউন্টারের ম্যানেজার আলম মিয়া জানান, বাসের ভাড়া বাড়ানোর সরকারি ঘোষণার পরপরই মালিক সমিতির নির্দেশে অতিরিক্ত ৫০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বেশি ভাড়া নেওয়ার যাত্রীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বীকার করেন আলম মিয়া। 

আলম এশিয়া পরিবহনের চালক মোতালেব মিয়া জানান, ভাড়া বাড়িয়ে দেওয়ায় সকালের ট্রিপের যাত্রীরা নানা ধরনের প্রশ্ন এবং রাগারাগি করেন। সরকারের নির্দেশ পাওয়ার পর মালিকরা বাড়ানোর কারণে বেশি ভাড়া নিতে হচ্ছে।

ভাড়া বাড়ানোর বিষয়ে জানতে ময়মনসিংহ মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার ফোন বন্ধ পাওয়া গেছে।