ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চার জন।
বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ত্রিশালের বাবু পুরের মো. কলিমুদ্দিন (৮৫) ও ভাটিপাড়ার আ. সাত্তার (৪০)। আহতদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, বালিপাড়া থেকে বালু নিয়ে ত্রিশালের দিকে আসছিল ড্রাম ট্রাক। এ সময় বালিপাড়াগামী যাত্রীবাহী অটোরকিশা বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান। এ ছাড়া অটোরিকশায় থাকা চার জন গুরুতর আহত হন।
ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে জানান ওসি।