একটানা ষষ্ঠবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম সুরুজ আলী (৫৫)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৪১৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী রমজান আলী জহির পেয়েছেন ৬১৪৪ ভোট। এম সুরুজ আলী মাত্র ২৩ বছর বয়সে ১৯৯২ সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে পাশের মধ্য দিয়ে তিনি ৩০ বছর ধরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচিত চেয়ারম্যান এম সুরুজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় ৩০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার জনগণ আমাকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়েছেন। ভোটারদের এই সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে তাদের সেবায় মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখতে চাই।
এম সুরুজ আলী হালুয়াঘাটের কড়ইতলী স্থলবন্দরের আমদানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।