ময়মনসিংহে নৌকার প্রচারণায় বিদ্রোহী প্রার্থীর হামলার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে নির্বাচনি প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। নৌকার প্রার্থী মোহাম্মদ শহিদুল্লাহ মন্ডলের মোটরসাইকেল বহরে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলী উজ্জলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হন নৌকার পাঁচ কর্মী। সোমবার (১৫ নভেম্বর) রাত ১০টার পর কানিহারী ইউনিয়নের বালিদিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার পাশের সড়কে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন খোরশেদ, আসলাম, তাজামুল, শাহিন এবং মুস্তাকিম বিল্লাহ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

নৌকার প্রার্থী মোহাম্মদ শহিদুল্লাহ মন্ডল বলেন, ২০টি মোটরসাইকেলে ৫০জন কর্মী নিয়ে নির্বাচনি প্রচারণায় বালিদিয়া আর দাদু মিয়ার বাড়িতে উঠান বৈঠকে যাচ্ছিলাম। পথে দাখিল মাদ্রাসার পাশে  বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফ আলী উজ্জলের নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালায়। এ সময় তারা আওয়ামী লীগ কর্মীদের মারধর করে এবং পাঁচটি মোটরসাইকেল রেখে দেয়। পরে রাতেই মাদ্রাসার পাশ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

তবে এ বিষয়ে একাদিকবার মোবাইলফোনে কল করেও বিদ্রোহী প্রার্থী উজ্জলের মফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। 
 
হামলার বিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।