ময়মনসিংহে আ.লীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার

দলের নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

বুধবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা কৃষকলীগের সদস্য আনিছুর রহমান ভুট্টো, কানিহারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ, বইলর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যানের ছেলে মশিউর রহমান শাহানশাহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের পদ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জানান, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। যারা দলের বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।