এবার ময়মনসিংহে ‘ধর্ষণের শিকার’ স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের শিকার এক স্কুলশিক্ষার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার (১২ মার্চ) দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওমর ফারুককে (২২) গ্রেফতার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, বাবা-মা না থাকায় ওই ছাত্রী মামার বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করছিল। এক সময় পরিচয় হয় ওমর ফারুকের সঙ্গে। শুক্রবার ভোরে ওই শিক্ষার্থীর বাড়িতে এসে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে তার মামাসহ পরিবারের অন্যান্য লোকজন এসে ফারুককে আটক করে।

পরে স্থানীয়রা সালিশি বৈঠকের মাধ্যমে ভুক্তভোগীকে বিয়ে করতে অভিযুক্তের ওপর চাপ দেন। কিন্তু অভিযুক্তের স্ত্রী ও দুই সন্তান থাকায় বিয়েতে রাজি হয়নি ভুক্তভোগী। এই ঘটনার জেরে শনিবার দুপুরে নিজ ঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই শিক্ষার্থী। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ওমর ফারুককে আসামি করে ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠালে শনিবার বিকালে বিচারক তাকে জেলহাজতে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, বৃহস্পতিবার জামালপুরের মেলান্দহে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আরেক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।