ময়মনসিংহে বহুতল ভবন থেকে লাফিয়ে অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর স্বদেশী বাজারের ‘রাইট পয়েন্ট’ নামক বহুতল ভবন এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রীজা ধর ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধর ও মুক্তাগাছা উপজেলার স্কুল শিক্ষিকা অর্পণা দের মেয়ে। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। শ্রীজার বাসা নগরীর পুলিশ লাইন এলাকায়। ঘটনাস্থল স্বদেশী বাজার তার এক খালার বাসা। সেখানে তার খালা-খালু ও নানি বসবাস করেন।
লাশ উদ্ধারের আগে দুপুরে ফেসবুকে ৫০০ শব্দের একটি পোস্ট দেয় শ্রীজা। এতে লেখা রয়েছে, ‘যারা বলেন, বাবা-মার সাথে একটু ঝগড়া হইলেই মইরা যাওয়া লাগে?...৩ বছর ধরে সুইসাইডাল চিন্তায় ভুইগা আমার এতদিনে সাহস হইসে।...আপনার মনে হয় আমার খুব ইচ্ছা ছিল মরার? বাধ্য হইসি। আপনাদের তৈরি সমাজ আর পেরেন্টিংয়ের কারণে..।’
শ্রীজা ধরের মা অর্পণা দে জানান, এক সপ্তাহ ধরে শ্রীজা অসুস্থ ছিল। শুধু বলতো, মাথা ব্যথা। পড়া মনে থাকে না। তাকে চিকিৎসক দেখানো হয়েছিল। রবিবার সকালে তাকে বাসায় রেখে স্কুলে চলে যান তিনি। এরপর দুপুরে শোনেন শ্রীজা আত্মহত্যা করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, দুপুর দেড়টার দিকে শ্রীজা একাই ছাদে ওঠে। তার ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হচ্ছে আত্মহত্যা করেছে। ছাদ থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।