প্রেমের সম্পর্ক গড়ে অপহরণ, পিস্তলসহ যুবক গ্রেফতার

জামালপুরের ইসলামপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে অপহরণের সময় বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ। 

তাকে গ্রেফতারের পর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ইসলামপুরের গাঁওকুড়া কাচারিপাড়া এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে চিনাডুলি ইউনিয়নের কুতুবুল্যার চর গ্রামের দুলাল হোসেন। সোমবার সন্ধ্যায় অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে অপহরণ করে দুলাল।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে ছয় রাউন্ড গুলি ও পিস্তলসহ গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। দুলালের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণ আইনে দুটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।