নেত্রকোনায় একটি রেস্তোরাঁয় এক শিশু শ্রমিকের মারধরে আরেক শিশু শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় পৌর শহরের বড় বাজার এলাকার সালতি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে।
জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শ্রমিককে (১৬ বছর) আটক করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (১৫)। সে পৌর সদরের সাতপাই ছোটগাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে। আটক শ্রমিকের বাড়ি একই এলাকায়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ইসমাইল ও তার মা তমা আক্তার শহরের বড় বাজার এলাকার সালতি রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। মঙ্গলবার বিকালে বাড়িতে চলে যান তমা। রাত সাড়ে ৭টার দিকে শসা কাটা নিয়ে ইসমাইল ও অভিযুক্ত শিশুর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে একে-অপরকে কিল-ঘুষি মারে। এ সময় ইসমাইল পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে নেত্রকোনা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শ্রমিককে আটক করা হয়েছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।