ঈদে ঘরমুখো যাত্রীর চাপ নেই ময়মনসিংহে

ঈদুল ফিতরের কয়েকদিন বাকি থাকলেও ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীদের চাপ তেমন একটা নেই। অন্যান্য সময়ের মতই ট্রেনের যাত্রীদের ভিড় দেখা গেছে। কাউন্টারে যাত্রীদের চাপ নেই বললেই চলে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত স্টেশন ঘুরে এ দৃশ্য দেখা গেছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী আন্তঃনগর সাতটি ট্রেন চলাচল করে থাকে। এসব ট্রেনের আসন সংখ্যা হচ্ছে সাড়ে সাতশো। এর মধ্যে অর্ধেক অনলাইনে বাকিটা রেলওয়ে স্টেশনে এসে কাউন্টার থেকে যাত্রীরা নিতে পারেন। 

তিনি আরও বলেন, এখনও যাত্রীদের চাপ শুরু হয়নি। তবে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ ব্যাপক আকার ধারণ করবে।