ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের কাছেই ডাকবাংলোর সামনে আবির (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আবির তার বন্ধুদের নিয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গিয়েছিলেন। তিনি ময়মনসিংহ নগরীর কৃষ্টপুরের বাসিন্দা। বাবার নাম আবুল কালাম। তিনি ভাঙ্গারির ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ছিল ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে যোগ দেওয়ার জন্য ময়মনসিংহ নগরী থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিকালে ত্রিশালে যান। সেখানেই ডাকবাংলার সামনে আবিরের সাথে কয়েকজন যুবকের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে তাকে সেখানে ছুরিকাঘাত করে কয়েকজন। ঘটনার রেশ ডাকবাংলোর দ্বিতীয় তলাতেও পৌঁছে। কিন্তু সে সময় মিছিল ও জনসমাগমের কারণে কেউ কিছু বুঝতে পারেননি। পরে জানতে পেরে তাকে উদ্ধার করে ত্রিশাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়মনসিংহ মেডিক্যালে রাখা হয়েছে। স্বজনরা হাসপাতালের ভিড় করেছেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, আওয়ামী লীগের সম্মেলনস্থলের কাছ থেকে ৪০০/৫০০ গজ দূরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে আবিরকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই ময়মনসিংহ শহরের। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত কাজ শুরু করেছে।