ধর্ষণ মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ময়মনসিংহে ধর্ষণ মামলায় মো. সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাসিজুল ইসলাম এই আদেশ দেন। সাদ্দাম হোসেন গৌরীপুর উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত।

মামলার বিবরণে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে বাদীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২১ সালের ২১ মে ওই নারীকে ধর্ষণ করেন। বিয়ের কথা বলে ও হত্যার ভয় দেখিয়ে ওই বছরের ২ জুলাই আবারও ধর্ষণ করেন। এরপর থেকে বাদী বিয়ের কথা বললে তিনি এড়িয়ে যান। পরিবারকে জানিয়ে থানায় অভিযোগ দিয়ে কোনও প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন ভুক্তভোগী। ২০২১ সালের ২২ অক্টোবর সাদ্দামের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ ইন্সপেক্টর প্রসুন কান্তি জানান, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলাকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্তের অভিযোগের সত্যতা পাওয়ায় আজ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী মতিউর রহমান ফয়সাল জানান, কনস্টেবল সাদ্দামের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত গ্রেফতারের আদেশ দিয়েছেন। এ ঘটনার ন্যায়বিচার প্রত্যাশ করছি।