ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেলো একজনের, আহত ১৫

ময়মনসিংহের ফুলপুরের ধলিবাজার নামক স্থানে বাস, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা আড়াইটার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলপুর-তারাকান্দা সীমান্তবর্তী ধলি বাজার নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী মন্ডল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি একটি অটোরিকশাকেও ধাক্কা দেয়। বাস ও অটোরিকশা রাস্তার পাশে ধান ক্ষেতে পড়ে যায়। পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। সংঘর্ষে ১৫ জন আহত হন। 

ওসি আরও জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।