দুষ্কৃতকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে পুলিশ প্রতিহত করে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‌‘আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছি। দুষ্কৃতকারীরা আক্রমণাত্মক হয়ে উঠলে দায়িত্ব পালনকালে পুলিশ তাদের প্রতিহত করে।’

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন, সেই নীতির আলোকে পুলিশ বাহিনীর সদস্যরা দৃঢ়ভাবে কাজ করে চলেছেন। আমরা একসময় দেখেছি দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সন্ত্রাসের জনপদ ছিল। আমরা দেখেছি এই দেশের ৬৪ জেলায় জঙ্গিদের আক্রমণ হয়েছে। আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে হত্যার জন্য তার ওপর আক্রমণ হয়েছে এবং হলি আর্টিজানের মতো বড় ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি। এই নিয়ন্ত্রণ আগামী দিনেও অব্যাহত থাকবে। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। যেকোনও ধরনের উচ্ছৃঙ্খলতা, যেকোনও ধরনের আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি সবসময় নিয়ে রাখি।’

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুলসহ রাজনৈতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ময়মনসিংহ ডিভিশনাল প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে রেনেসাঁ ক্লাব ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। ১৩টি দলের মধ্যে ৭৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।