জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জালিয়ারপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম আম্বিয়া আক্তার(৩৫)। তিনি ওই এলাকার রেলওয়ে কর্মচারী লাভলু মিয়ার স্ত্রী।
জামালপুর সদর থানায় ওসি কাজী শাহ্নেওয়াজ জানান, বৃহস্পতিবার দুপুরে লাভলু মিয়া তার চাকরি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় লাভলুর চাচাত ভাই লেবু মিয়া দলবল নিয়ে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বামীকে বাঁচাতে স্ত্রী আম্বিয়া এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি লেবু মিয়া (৪৫), মিস্টার(৪০), মিনা রহমান(২৪) এবং সালেহা বেগমকে (৬০)আটক করে। ঘটনার পর দিন জামালপুর সদর থানায় নিহতের স্বামী লাভলু মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি কাজী শাহ্নেওয়াজ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ২৫ বছর আগে প্রতিপক্ষের হাতে খুন হন লাভলু মিয়ার বাবা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক।