নেত্রকোনায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় ওই পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। রবিবার (০৯ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)। আহতরা হলেন আবুল হাশেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২) ও ছেলে আদম আলী (৮)। আবুল হাশেম তার পরিবারকে নিয়ে ময়মনসিংহ থেকে অটোরিকশাযোগে নেত্রকোনার আটপাড়ায় খালুশ্বশুরের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সাকুয়া বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশার। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। সেইসঙ্গে ঘটনাস্থলেই আবুল হাশেমের ছেলে বনি আমিন নিহত হয়। অন্যরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাশেম মারা যান। অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে নাম রেজিস্ট্রেশন না করে পালিয়ে যান।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। বাস ও অটোরিকশাচালক পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। দুই জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।’