নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে নিজের পোলিং এজেন্ট ও সমর্থকদের প্রশিক্ষণ দেওয়ার নামে সমাবেশ করায় ময়মনসিংহ-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) বিকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে পোলিং এজেন্ট ও সমর্থকদের নিয়ে সমাবেশ করায় তাকে এই শোকজ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক পোলিং এজেন্ট ও সমর্থকদের নিয়ে সমাবেশ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোটের আগ পর্যন্ত ৪৮ ঘণ্টা সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও শনিবার বিকাল ৩টার দিকে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পোলিং এজেন্টদের নিয়ে সমাবেশ করেন। খবর পেয়ে এই আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত গরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ছুটে যান। সেইসঙ্গে নিজের ফেসবুক পেজে লাইভ করে আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আহ্বান জানান। পরে অডিটোরিয়ামস্থল থেকে চলে আসেন নৌকার প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হককে শোকজ নোটিশ দেওয়া হয়।’
এ ব্যাপারে জানতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।
এদিকে, একই দিন বিকালে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণের সময় মো. শফিকুল ইসলাম নামে এক কর্মীকে আটক করা হয়। পরে ট্রাক প্রতীকের ওই কর্মীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।