জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় ‌জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (০৮ জুন) দুপুর ১টার পর থেকে ওই ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নানের বাড়িটি ঘিরে রাখা হয়।

পুলিশের দাবি, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা আছে। এজন্য ঘিরে রাখা হয়েছে। এরই মধ্যে দুপুর দেড়টার দিকে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে ৪৭ বন্দুক উদ্ধার করা হয়। বাড়ির ভেতরে আরও বোমা থাকতে পারে। ইতোমধ্যে ময়মনসিংহ থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসেছে। পরে বাড়িতে অভিযান চালানো হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। দেড়টার দিকে প্রাথমিকভাবে তল্লাশি চালাই আমরা। এ সময় বাড়ির নিচতলার একটি কক্ষে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, প্রচুর পরিমাণ খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, এক বস্তা জিহাদি বইসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। ধারণা করছি, এখানে বোমা–জাতীয় বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে নিয়ে অভিযান চালানো হবে।’

বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের ধারণা, বাড়িটি জঙ্গি আস্তানা। এখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বাড়িটির ভেতরে তল্লাশি চালানো হবে।’

এন্ট্রি টেররিজম ইউনিট ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক আসাদুল্লাহ চৌধুরী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিটিটিসি ইউনিটের বিশেষজ্ঞ দল, সোয়াট ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে বাড়ির ভেতরে অভিযান চালানো হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাসাপাড়া এলাকার ওই বাড়ির মালিক আটপাড়া উপজেলা নোয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নানের। তিনি গাজীপুরে থাকেন। দুই বছর আগে বাড়িটি আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। তবে তাকে বাড়িতে পায়নি পুলিশ।