দাবি না মানলে এবার বড় আন্দোলনের হুমকি দিলেন নার্সরা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত দক্ষ অভিজ্ঞদের পদায়ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ করা হয়। সমাবেশে হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সরা অংশগ্রহণ করেন।

এ সময় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ময়মনসিংহের আহবায়ক মিজানুর রহমান বক্তব্য রাখেন। দ্রুত তাদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।