বালু লুট করায় ছাত্রদল নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

ব্রহ্মপুত্র নদের বালু লুট করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামী পাটোয়ারি ওরফে জনিকে (৩৯) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ছাত্রদল নেতা সামী পাটোয়ারি ওরফে জনি নগরীর থানাঘাট এলাকার মৃত আজিজ পাটোয়ারির ছেলে। এ ছাড়া তিনি নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সামী পাটোয়ারিকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার (সামী পাটোয়ারি) সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, গত সোমবার (২৭ জানুয়ারি) সামী পাটোয়ারির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন চর ঈশ্বরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম। মামলায় তিনি উল্লেখ করেন, সামী পাটোয়ারি ও তার ৫-৬ জন সহযোগী ব্রহ্মপুত্র নদ খনন করে বিআইডব্লিউটিএর তোলা বালু কোনও বৈধ কাগজপত্র ছাড়াই খননযন্ত্রের মাধ্যমে ট্রাক দিয়ে লুট করে। সে সময় সামরিক বাহিনী ও পুলিশের যৌথ অভিযানকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। এ সময় দুটি ট্রাক ও একটি খননযন্ত্র জব্দ করে পুলিশ। পরে মামলায় গ্রেফতার দেখিয়ে ২৭ জানুয়ারি তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘যৌথবাহিনীর হাতে সামী পাটোয়ারি আটকের পর কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযোগের সত্যতা যাচাই করি। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছাত্রদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ধরনের অপকর্ম দল কখনো সমর্থন করে না। ব্যক্তির দায় দল নেবে না। এ ধরনের ঘটনায় দল সব সময় কঠোর ভূমিকায় থাকবে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, সরকারি বালু লুট করার অভিযোগে আটক করার পর সামী পাটোয়ারিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।