আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হয়। তথ্যে গরমিল, ঋণখেলাপি ও প্রয়োজনীয় বিধিমালা পূরণ না করায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মতিউর রহমান, মুশফিকুর রহমান, এ বি সিদ্দিক, আল ফাত্তাহ ও আলমগীর মাহমুদ আলম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিল এবং হলফনামায় ভুল তথ্য দেওয়ার কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়। এর মধ্যে মুশফিকুর রহমানের অঙ্গীকারনামায় স্বাক্ষর ছিল না এবং এ বি সিদ্দিক ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন।
এই আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন- ইসমাইল হোসেন সোহেল, আক্তারুজ্জামান বাচ্চু (বিএনপি), শামসুল আলম (গণসংহতি আন্দোলন), আল আমীন সুহান (জাতীয় পার্টি), মাহবুব মুর্শেদ (এলডিপি) ও সাইফুস সালেহীন (সিপিবি)।
নান্দাইল- ৯ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ভোটার তালিকায় অসঙ্গতির কারণে হাসিনা খান চৌধুরী, মামুন বিন আব্দুল মান্নান এবং পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার প্রার্থিতা বাতিল হয়েছে। এ ছাড়া ঋণখেলাপির দায়ে এ আর খান ও শামছুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়।
এই আসনে বৈধ প্রার্থীরা হলেন- ইয়াসের খান চৌধুরী (বিএনপি), আনোয়ারুল ইসলাম চান (বিডিপি), লুৎফুর বারী হামীম (গণফোরাম), সাইদুর রহমান (ইসলামী আন্দোলন) ও হাসমত মাহমুদ তারিক (জাতীয় পার্টি)।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান ভূঞার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বাকি সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এক শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, ময়মনসিংহের এই চারটি আসন বাদেও জেলার অন্য আসনগুলোতে শুক্রবার ও শনিবার আরও ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এই নিয়ে ১১ আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, ময়মনসিংহের ১১টি আসনে ১১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।