অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী

অনিয়ম, জাল ভোট ও এজেন্টসহ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ নাজমুল হক। এসব অভিযোগে চার ইউপির সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এ সময় তিনি দাবি করেন, ‘আমরা পুরো নির্বাচন বাতিল চাই না, শুধু চারটি ইউনিয়নের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি। এসব কেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে।’ 

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী বলেন, ‘প্রথমে আমরা ভেবেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু প্রভাব বিস্তার করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ফ্যাসিবাদী কায়দায় নির্বাচন করার চেষ্টা করা হয়েছে। আমাদের নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। তারপরও লক্ষ্য করেছি, এই এলাকার মানুষ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে শুরু করেন। অনেক কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছেন। কিন্তু সকাল ১০টার পর অনেক জায়গায় অনিয়ম ছড়িয়ে যায়। প্রশাসন এবং নির্বাচন কমিশনকে স্মরণ করানোর পরও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। কোনও কোনও কেন্দ্রে আমাদের লোকদের মারধর করা হয়েছে। নির্বাচনি কাজে দায়িত্বরত কর্মকর্তারা কোনও ব্যবস্থা নেননি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়েতে ইসলামী সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ উপস্থিত ছিলেন।