খেলতে বের হয়ে নিখোঁজ, ৮ দিন পর মিললো শিশুর মরদেহ

ময়মনসিংহে নিখোঁজের আট দিন পর সাউমী সাবা (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরের বয়রা সমাধানের মোড় এলাকার একটি ডোবার কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাউমী সাবা নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকার স্বপন ফকিরের মেয়ে। সে বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুন স্কুল থেকে বাড়ি ফিরে দুপুর ২টার দিকে দুই প্রতিবেশী শিশুর সঙ্গে বৃষ্টিতে খেলতে বের হয় সাউমী। কিছুক্ষণ পর ওই দুই শিশু বাড়ি ফিরলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার সন্ধ্যার আগে একটি ডোবার কালভার্টের নিচে বরশি দিয়ে মাছ ধরার সময় এক ব্যক্তি শিশুটির মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়ার সময় সাউমীর পরনে থাকা জিন্স প্যান্ট দেখে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিতে ভিজতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।