জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে। একজন যোগ্য অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনসিপির জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে জুলাই পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে এ সমাবেশ করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো, তার পদত্যাগ করা প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, হয়তো সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সরকার বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে? ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি দুর্নীতিবাজ। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’
একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখেছি, বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছে। কোনও জনপ্রিয় ব্যক্তিকে বা নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় নাই। তারা সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখবো বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। যদি কোনও অযোগ্য লোককে রাষ্ট্রপতি নির্বাচন করে, জনগণের এই সরকারের ওপর তো কোনও আস্থা নেই, আরও সম্পূর্ণরূপে সব আস্থা চলে যাবে।’
এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন এনসিপির উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান ও এনসিপির জামালপুরের সদস্যসচিব ডা. মোশাররফ হোসেন প্রমুখ।