করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার

নৌকায় করে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর কিশোরগঞ্জের করিমগঞ্জে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তার বাবা নিয়ামতপুর বাজারে একটি টেইলার্স দোকানের মালিক।

শুভর মামা মাহবুব হোসেন শাহ জানান, শুক্রবার বিকালে বাবার দোকানের কর্মচারীদের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে চামড়াঘাটে এসেছিলেন শুভ। পরে নৌকায় করে বাড়ি ফেরার পথে আরেকটি নৌকার সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে শুভ নদীতে পড়ে যান।

ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনেরা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করেও শুভর সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

শনিবার সকাল থেকে সারাদিন নদীতে তল্লাশি চালানোর পর সন্ধ্যার দিকে চামড়া জেটিঘাটের পাশে নদীর পানিতে মরদেহটি ভেসে ওঠে। পরে ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নদী থেকে শুভর মরদেহ উদ্ধারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।